শিক্ষামূলক ছবি; BDJ ও অন্যান্য সিল যাচাইকৃত পরীক্ষাকেন্দ্রের চিহ্ন নয়

দেশি গয়নার পরিচিত কোড

ক্যারেটকোডখাঁটি সোনা
22K91691.6%
21K87587.5%
18K75075.0%

কোড ÷ ১০ = সোনার শতাংশ

অনুমোদিত ক্যারেট ও সিল দেশভেদে আলাদা। শুধু সংখ্যা দেখে সোনার মান নিশ্চিত হওয়া যায় না

রসিদে ক্যারেট ও সোনার নিট ওজন লিখিয়ে নিন
  1. ছাপটি দেখুন

    বালা বা আংটির ভেতর, চেইনের হুকের কাছে ক্যারেটের কোড খুঁজুন।

  2. সনদ মিলিয়ে নিন

    কে পরীক্ষা করেছে জেনে নিন। কেন্দ্রের রিপোর্টের সঙ্গে ছাপের তথ্য মিলিয়ে দেখুন।

  3. রসিদ রাখুন

    ক্যারেট, সোনার নিট ওজন ও মজুরি আলাদা করে লিখিয়ে নিন।

সোনার গয়না পছন্দ হলে নকশার পাশাপাশি তার মানটাও জানতে হয়। ছাপ, পরীক্ষার কাগজ ও রসিদ একসঙ্গে মিলিয়ে দেখলে কী কিনছেন, তা বুঝতে সুবিধা হয়। এই পাতার ছবি ও বিন্যাস শেখার জন্য; এগুলো দিয়ে কোনো নির্দিষ্ট গয়না খাঁটি কি না নিশ্চিত করা যায় না।

সোনার কোড নাম্বার 916, 875 ও 750-এর মানে কী?

গয়নায় ছোট করে লেখা সংখ্যাটি সোনার মান বোঝাতে ব্যবহার করা হয়। 916 মানে প্রতি ১,০০০ ভাগে ৯১৬ ভাগ সোনা, অর্থাৎ ৯১.৬%। এটি ২২ ক্যারেটের পরিচিত কোড। একইভাবে 875 হলো ২১ ক্যারেট বা ৮৭.৫%, আর 750 হলো ১৮ ক্যারেট বা ৭৫% সোনা।

ক্যারেট সোনার বিশুদ্ধতার হিসাব, ওজনের একক নয়। ১৮ ক্যারেটের এক ভরি আর ২২ ক্যারেটের এক ভরির ওজন সমান হলেও খাঁটি খাঁটি সোনার পরিমাণ ও প্রকাশিত দাম এক নয়। তাই দাম দেখার সময় গয়নার ক্যারেটটি আগে মিলিয়ে নিন। ক্যারেট অনুযায়ী সোনার বর্তমান দাম আলাদা করে দেওয়া আছে।

ক্যারেটের সংখ্যা আর পুরো হলমার্ক এক জিনিস নয়

একটি ছাপ সোনার মান বোঝাতে পারে, আরেকটি প্রস্তুতকারক বা পরীক্ষাকেন্দ্রের পরিচয় দিতে পারে। শুধু দোকানের নাম, লোগো বা 916 লেখা দেখে বাকি তথ্য পাওয়া যায় না। কে পরীক্ষা করেছে এবং সেই পরীক্ষার রিপোর্ট আছে কি না, দোকানিকে জিজ্ঞেস করুন।

দেশভেদে চিহ্নের ধরনও আলাদা। বিদেশ থেকে আনা গয়নায় কোন দেশের চিহ্ন আছে, আগে সেটি জানুন। উপরের দেশ বাছাইয়ের অংশে পরিচিত বিন্যাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্র রয়েছে। এক দেশের কোড অন্য দেশের পদ্ধতিতে যাচাই করতে গেলে ভুল হতে পারে।

World Gold Council-এর হলমার্ক পরিচিতি সোনার মান, পরীক্ষাকেন্দ্র ও প্রস্তুতকারকের চিহ্নের পার্থক্য বুঝতে সাহায্য করে।

গয়নায় ছাপ কোথায় দেখবেন?

আংটি বা বালার ভেতরের দিক এবং চেইনের হুকের আশপাশে আগে দেখুন। ছাপ খুব ছোট হলে দোকানিকে বড় করে দেখাতে বলুন। মোবাইলে পরিষ্কার ছবি তুলে ক্যারেটের সংখ্যা এবং পাশের চিহ্নগুলো পড়ে নিতে পারেন।

ছাপ ঝাপসা, ক্ষয়ে যাওয়া বা ঠিকমতো পড়া না গেলে আন্দাজে ক্যারেট ধরে দাম মেলাবেন না। আবার ছাপ দেখা যাচ্ছে না বলেই সোনাকে নকল বলাও ঠিক হবে না। গয়না ও কাগজপত্র একসঙ্গে নিয়ে পরীক্ষার বিষয়ে জানতে চান।

রসিদে কোন তথ্যগুলো লিখিয়ে রাখবেন?

পরে কেনা, বদল বা বিক্রির হিসাব বুঝতে একটি বিস্তারিত রসিদ কাজে লাগে। শুধু মোট টাকা লেখা থাকলে সোনার দাম, পাথরের দাম আর মজুরি আলাদা করে বোঝা কঠিন হয়। কেনার আগেই নিচের তথ্যগুলো চান:

  • গয়নার ক্যারেট এবং সোনার নিট ওজন। পাথরসহ মোট ওজন লেখা থাকলে পাথরের ওজনও আলাদা করে জানুন।
  • প্রতি গ্রাম বা ভরির দর, মজুরি এবং অন্য খরচের হিসাব।
  • পরীক্ষার সনদ থাকলে পরীক্ষাকেন্দ্রের নাম, রিপোর্টের নম্বর ও তারিখ।
  • পরে বদল বা নগদ বিক্রির ক্ষেত্রে দোকানের লিখিত শর্ত।

রসিদ ও সনদের পরিষ্কার ছবি রেখে দিন। গয়নায় থাকা ছাপের সঙ্গে কাগজের ক্যারেট না মিললে টাকা দেওয়ার আগেই কারণ জেনে নিন।

ছাপ দেখার পর দাম মিলাবেন যেভাবে

ধরা যাক, একটি গয়নায় 750 লেখা আছে এবং রসিদে ১৮ ক্যারেট বলা হয়েছে। তার সোনার মূল্য মেলাতে ১৮ ক্যারেটের প্রকাশিত দর ব্যবহার করুন। ২২ ক্যারেটের দাম দিয়ে হিসাব করলে ফল ভুল হবে। এরপর সোনার নিট ওজন দিয়ে দাম বের করে মজুরি যোগ করুন।

নিজের ওজন দিয়ে সোনার দামের ক্যালকুলেটরে হিসাব করতে পারেন। গয়নার ছাপটি পড়া আর চূড়ান্ত দাম পাওয়া আলাদা ধাপ: ক্যারেটের পাশাপাশি নিট ওজন, পাথর, মজুরি ও দোকানের শর্তও দেখতে হবে।

Dhaka Tribune-এর সোনা কেনার সহায়িকায় হলমার্ক, বিস্তারিত রসিদ ও বাইব্যাকের শর্ত দেখার কথা বলা হয়েছে। Financial Express-এর ২০২৩ সালের প্রতিবেদনে বাজুসের লেজার হলমার্ক ও রসিদের নির্দেশনা আছে। ওই পুরোনো প্রতিবেদনের মজুরি বা কাটতির হারকে বর্তমান নিয়ম ধরে নেবেন না।